সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে যোগ্যতার পরিচয় দিতে হবে :স্বরাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত সমস্যা সমাধানে বিজিবিকে যোগ্যতার পরিচয় দিতে হবে :স্বরাষ্ট্র উপদেষ্টা

 

সীমান্ত সমস্যা সমাধানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-কে সর্বোচ্চ কৌশল, পেশাদারিত্ব ও যোগ্যতার পরিচয় দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত সমস্যা সমাধানে দেশের স্বার্থ শতভাগ রক্ষা করতে হবে। জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে সীমান্তের অতন্দ্র প্রহরীর ন্যায় অত্যন্ত ন্যায়ানুগ পন্থায় নিষ্ঠার সাথে দায়িত্বও পালন করতে হবে।

 

উপদেষ্টা আজ রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহিদ শাকিল আহমেদ হলে বিজিবি দিবস–২০২৫ ও পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব নির্দেশনা প্রদান করেন।

 

লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিজিবি এক সুদীর্ঘ ও গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক। আজকের বিজিবি এক ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে দেশের সীমান্ত সুরক্ষা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা ও জনকল্যাণমূলক কাজে অনন্য ভূমিকা রাখছে। বিজিবি’র উন্নয়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। তিনি বলেন, বিজিবি সদস্যদের ডিসিপ্লিন, ট্রেনিং ও ওয়েলফেয়ার বিষয়ে সর্বাগ্রে মনোযোগ ও গুরুত্ব দিতে হবে এবং অধীনস্থ কমান্ড বা ট্রুপসদের কল্যাণে সর্বদা খেয়াল রাখাসহ সজাগ ও সতর্ক থাকতে হবে।

 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে বিজিবিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তিনি বলেন, বাংলাদেশ থেকে যাতে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারে সে বিষয়ে বিজিবিকে কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। উপদেষ্টা বিজিবি সদস্যদের ‘চেইন অব কমান্ড’-এর প্রতি পূর্ণ আস্থা ও আনুগত্য বজায় রাখার নির্দেশ দেন। একইসঙ্গে সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার যেকোনো দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করার আহ্বান জানান।

 

পরে উপদেষ্টা বিজিবিতে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেন। এবছর ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১২ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) সহ সর্বমোট ৭২ জনকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়।

 

পদক প্রদান শেষে উপদেষ্টা বিজিবির খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের জন্য আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। তিনি পরিবারসমূহকে বিজিবির পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন এবং ভবিষ্যতে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

 

এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন।

 

 

সূত্রঃ পিআইডি